দেশজুড়ে

কালকিনিতে গলা কেটে স্ত্রী হত্যা, স্বামী গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক বিবাদের জেরে এক বৃদ্ধার গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।
আজ রবিবার (১৯ জুলাই) সকালে পুলিশ জোবেদা বেগমের (৬০) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় এক অভিযানে অভিযুক্ত সুলতান সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আওলিয়ারচর গ্রামে। অভিযুক্ত সুলতান সরদার ওই গ্রামেরই বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত প্রায় সাড়ে ১১টার দিকে জোবেদা বেগম খাওয়ার পর নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। পরে, রাত প্রায় ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় তার স্বামী সুলতান সরদার একটি ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, জোবেদা বেগম ঘটনাস্থলেই মারা যান। কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন, “নারী হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। নিহতের ভাই আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিয়েছেন।”