মাদারীপুরে বাস দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, ১ জন আহত
মাদারীপুরে একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে আশিক আকন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেল আরোহী আরেক যুবক আহত হয়েছেন। ঘটনাটি গতকাল শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে দসর উপজেলার ধৌলগ্রাম বাজারে ঘটেছে।
নিহত আশিক ধৌলগ্রাম এলাকার জালাল আকনের ছেলে এবং আহত রমজান বেপারি ধুয়াশারের বালিগ্রামের সোহেল বেপারির ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, আশিক রাতে রমজানকে নিয়ে মাদারীপুর শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ধৌলগ্রাম বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন।
সে সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহত রমজানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

