রাশিয়ার গুদামে আগুনে ইউক্রেনের ড্রোন হামলায় ৮ শ্রমিক নিহত
রাশিয়ার মস্কো এবং তাম্বোভ অঞ্চলে ইউক্রেনের একাধিক ড্রোন হামলায় আটজন নিহত হয়েছেন। এই হামলায় বেশ কয়েকটি বড় গুদামে আগুন লেগে যায় এবং কয়েক ঘণ্টা ধরে আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে থাকে। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে তাদের হামলা বাড়িয়েছে। কিয়েভ বলছে, রাশিয়ার দীর্ঘদিনের আক্রমণের জবাবে এই হামলা চালানো হচ্ছে।
ইউক্রেন এই অভিযানকে একটি “দূরপাল্লার অবরোধ” হিসেবে বর্ণনা করেছে। এর আগে তারা রাশিয়ার তেল অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছিল, যা বিশ্বের অন্যতম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশটিতে জ্বালানি সংকট তৈরি করেছিল। এখন, ইউক্রেন রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের দুটি গুরুত্বপূর্ণ গুদামে হামলা চালিয়েছে। রাতের শিফটে কর্মরত আটজন শ্রমিক নিহত হয়েছেন এবং গুদাম দুটি প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
ওয়াইল্ডবেরিজের সিইও তাতিয়ানা কিম বলেছেন, “এটি আমাদের কোম্পানি এবং আমাদের দেশের জন্য একটি ভয়াবহ রাত। এই যন্ত্রণা ভাষায় প্রকাশ করা যায় না।”
মস্কোতে ধোঁয়া ও ক্ষয়ক্ষতি
গতকাল শনিবার (১৮ জুলাই) সকালে মস্কোর আকাশে ঘন কালো ধোঁয়া দেখা গিয়েছিল, যা বিকেল পর্যন্ত স্থায়ী ছিল বলে জানা গেছে। মস্কো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তাম্বোভ অঞ্চলের গভর্নর ইয়েভজেনি পারভিসভ বলেছেন, শত্রুপক্ষের ড্রোন হামলায় ওয়াইল্ডবেরিজের একটি লজিস্টিক সেন্টারের নৈশ শিফটের সাতজন কর্মী নিহত হয়েছেন।
আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ বলেছেন, মস্কো অঞ্চলে একটি তেল ডিপো এবং ওয়াইল্ডবেরিজের আরেকটি গুদামও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মস্কো অঞ্চলের ইলেকট্রোস্টাল এলাকায় আগুন নেভানোর কাজ চলছিল। পরে তাম্বোভ অঞ্চলের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ইলেকট্রোস্টালের একটি খালি কিন্ডারগার্টেনও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এতে কেউ আহত হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি অঞ্চলের হামলায় প্রায় ৬০ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মস্কোতে শত শত ড্রোন হামলা
রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, রাতে মস্কো অঞ্চলের দিকে ৩৭০টিরও বেশি ড্রোন পাঠানো হয়েছিল। তিনি আরও বলেন যে, ১১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত মস্কোর দিকে উড়ে আসা প্রায় ১,৮৯২টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করা হয়েছে।

