জাহাজ পুনর্ব্যবহার খাতে পরিবেশবান্ধব ১০০টির বেশি ইয়ার্ড গড়ে তোলার উদ্যোগ সরকারের
শিল্পসচিব আবদুন নাসের খান জানিয়েছেন, বাংলাদেশের জাহাজ পুনর্ব্যবহার (শিপ রিসাইক্লিং) খাতের তদারকি জোরদার করতে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ডে (বিএসআরবি) জনবল নিয়োগ এবং তিন বছরের মধ্যে কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা ও শোধনাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি ১০০টির বেশি পরিবেশবান্ধব ইয়ার্ড গড়ে তোলা এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেলে সেফ অ্যান্ড এনভায়রনমেন্টালি সাউন্ড শিপ রিসাইক্লিং অফ শিপস (সেন্সরেক-ডিডব্লিউ) প্রকল্পের চতুর্থ পর্যায়ের উদ্বোধন ও পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান আবদুন নাসের খান।
তিনি বলেন, শিপ রিসাইক্লিং বোর্ডের জনবল সংকট দূর করতে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বোর্ডের তদারকি, গবেষণা ও প্রশাসনিক সক্ষমতা বাড়ানো হচ্ছে। তিন বছরের মধ্যে ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি (টিএসডিএফ) নির্মাণের লক্ষ্য রয়েছে সরকারের। সম্ভব হলে এর আগেই কাজ শেষ করতে চায় সরকার। এই স্থাপনায় জাহাজ ভাঙা ও পুনর্ব্যবহার কার্যক্রমের বিপজ্জনক বর্জ্যের পাশাপাশি মিরসরাই শিল্পাঞ্চলের শিল্পবর্জ্যও ব্যবস্থাপনা করা হবে। এ জন্য প্রাথমিক সমীক্ষা ও অংশীজনদের সঙ্গে আলোচন শেষ হয়েছে। আন্তর্জাতিক দরপত্র আহ্বানের প্রস্তুতিও চলছে। বর্তমানে বাংলাদেশ বছরে প্রায় ২০০টি জাহাজ পুনর্ব্যবহার করে। লাইট ডিসপ্লেসমেন্ট টন (এলডিটি) হিসাবে বিশ্ববাজারের প্রায় ৩০ শতাংশ বাংলাদেশের দখলে রয়েছে বলে প্রকল্পের নথিতে উল্লেখ করা হয়েছে। সরকার পরিবেশগত ও নিরাপত্তা মানদ- পূরণকারী গ্রিন ইয়ার্ডের সংখ্যা ১০০টির বেশি করার লক্ষ্য নিয়েছে। শিল্পসচিব বলেন, ২০৩০ সালের মধ্যে বিশ্বে প্রায় ১৬ হাজার জাহাজ পুনর্ব্যবহারের উপযোগী হবে। এই বাজার ধরতে বাংলাদেশের সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) উপদেষ্টা জহিরুল ইসলাম রিংকু বলেন, আগামী এক দশকে বাংলাদেশ বিশ্ববাজারের ৪০ শতাংশ পেলে ৬ হাজার থেকে ৭ হাজার জাহাজ পুনর্ব্যবহার করতে পারবে। সে ক্ষেত্রে বছরে ৬০০ থেকে ৭০০ জাহাজ পুনর্ব্যবহারের সক্ষমতা প্রয়োজন হবে। অথচ গত এক দশকে দেশের সর্বোচ্চ বার্ষিক পুনর্ব্যবহারের পরিমাণ ছিল প্রায় ৩০০ জাহাজ।
তিনি বলেন, ইউরোপে গ্রিন স্টিল উৎপাদনে ইলেকট্রিক আর্ক ফার্নেসের ব্যবহার বাড়ায় স্ক্র্যাপ স্টিলের চাহিদা বাড়বে। এতে বাংলাদেশের জাহাজ পুনর্ব্যবহার খাতের গুরুত্ব আরও বাড়তে পারে। তবে আন্তর্জাতিক জাহাজমালিকদের আস্থা অর্জনে বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা ও উৎস থেকে নিষ্পত্তি পর্যন্ত অনুসরণযোগ্যতা নিশ্চিত করতে হবে।
শ্রমিকদের মজুরি প্রসঙ্গে জহিরুল ইসলাম বলেন, ২০১৮ সালে নির্ধারিত মাসিক ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরি ইয়ার্ডগুলো বাস্তবায়ন করেছে। বর্তমানে সরকার মজুরি কাঠামো পর্যালোচনা করছে এবং এ প্রক্রিয়ায় শিল্পমালিকদের সংগঠনও যুক্ত রয়েছে। শিল্পসচিব বলেন, ইয়ার্ডে দুর্ঘটনা কমাতে বিএসআরবির পরিদর্শন ও গবেষণা সক্ষমতা বাড়ানো হচ্ছে জানিয়ে শিল্প সচিব বলেন, বোর্ডের চট্টগ্রাম কার্যালয়কে ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশগত শ্রেণিবিন্যাসে শিপ রিসাইক্লিং ইয়ার্ডগুলোকে লাল থেকে কমলা শ্রেণিতে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে।
শিল্প মন্ত্রণালয় আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে যৌথভাবে এনভায়রনমেন্টালি সাউন্ড শিপ রিসাইক্লিং অফ শিপস (সেন্সরেক-ডিডব্লিউ) প্রকল্পটি বাস্তবায়ন করছে। এতে অর্থায়ন করছে নরওয়ে। প্রকল্পের আওতায় বাংলাদেশের জাহাজ রিসাইক্লিং শিল্পকে ‘হংকং ইন্টারন্যাশনাল কনভেনশনের’ নীতিমালা ও আন্তর্জাতিক পরিবেশগত মানদ-ের উপযোগী করে গড়ে তোলা, জাহাজভাঙা ইয়ার্ডগুলোতে কর্মরত শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য, নিরাপত্তা নিশ্চিত করা এবং দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ প্রদান, জাহাজভাঙা শিল্প থেকে সৃষ্ট বিপজ্জনক বর্জ্য পরিবেশসম্মতভাবে শোধনের জন্য চট্টগ্রামের মিরসরাই শিল্পাঞ্চলে একটি আধুনিক বর্জ্য শোধনাগার স্থাপনে সহায়তা করা এবং বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ডের তদারকি কার্যক্রম ডিজিটালাইজেশন, আইনগত সংস্কার এবং ইয়ার্ডগুলোকে গ্রিন ইয়ার্ডে রূপান্তরে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সভাপতি ও পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন। কর্মশালায় আইএমওর প্রকল্প কারিগরি ব্যবস্থাপক জন আলোনসো, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, জাতিসংঘের বাংলাদেশ আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক এবং ঢাকায় নরওয়ের দূতাবাসের উপপ্রধান আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন উপস্থিত ছিলেন।

