আন্তর্জাতিক

মার্কিন হামলা ইরানকে আলোচনায় বসতে বাধ্য করেছে: রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন যে, ওয়াশিংটনের সামরিক হামলার পর ইরান আগের যেকোনো সময়ের চেয়ে আলোচনায় বেশি আগ্রহ দেখাচ্ছে। তার মতে, তেহরান এখন তার পারমাণবিক কর্মসূচির পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়েও আলোচনা করতে আগ্রহী। আজ রবিবার (২ আগস্ট) কাতার-ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, মার্কিন হামলায় ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মঞ্চ এবং অস্ত্র উৎপাদন পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে। একই সাথে তিনি দাবি করেন, এই হামলাগুলো দেশটির প্রতিরক্ষা সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দিয়েছে। তবে, মার্কো রুবিও এও মন্তব্য করেন যে, ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি নিঃশেষ হয়ে যায়নি। তার মতে, ইরানের কাছে এখনও ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে এবং এগুলোর মাধ্যমে ক্ষতিসাধনের ক্ষমতাও তাদের আছে।
তবে, রুবিও দাবি করেন যে, মার্কিন হামলার পর ইরান আগে যে প্রচলিত সামরিক সক্ষমতার ওপর নির্ভর করে নিরাপদ বোধ করত, তা আর কার্যকর নয়। ফলস্বরূপ, তিনি ইঙ্গিত দিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে আলোচনার পথে অগ্রসর হওয়া ছাড়া তেহরানের হাতে বিকল্প খুবই সীমিত।