জাতীয়

এলএনজি সরবরাহ হ্রাস, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ কমে যাওয়ায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশজুড়ে তীব্র গ্যাস সংকট চলছে। আজ রবিবার (২ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়েও গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
এদিন ফিলিং স্টেশনগুলোতে সিএনজি চালিত যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। চালকরা জানান, গ্যাস সংকট তাদের আয় ও জীবিকাকে ক্ষতিগ্রস্ত করেছে। গ্যাসের অভাবে শিল্পের চাকা থমকে গেছে। একই চিত্র দেখা যাচ্ছে বাড়িতেও। চুলা না জ্বলায় অনেকে রান্না করতে পারছেন না। গ্যাস পাম্প কর্তৃপক্ষ বলছে, চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
সরকারের জ্বালানি বিভাগ জানিয়েছে, আগুন লাগার কারণে মহেশখালীর একটি এলএনজি টার্মিনাল বন্ধ করে দেওয়া হয়েছে। এটি পুনরায় খোলার জন্য অ্যাক্সিলারেট এনার্জি ১০ আগস্ট পর্যন্ত সময় চেয়েছে। আগে বন্ধ হওয়া টার্মিনালের অক্ষত বয়লারটি পুনরায় চালু করার চেষ্টা করা হচ্ছে। এটি পুনরায় চালু করা গেলে সংকট কিছুটা কমবে।