দেশজুড়ে

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীকে ছাড়তে বাধ্য হলো পুলিশ

লালমনিরহাটের হাতিবান্ধায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয় জনতার একাংশের গুলিতে পুলিশ জর্জরিত হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে অবরুদ্ধ পুলিশ সদস্যরা আটক ব্যক্তিকে ছাড়তে বাধ্য হন। ঘটনাটি ঘটে গতকাল শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ভবানীপুর এলাকায়।
স্থানীয়রা জানান, হাতিবান্ধা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রিমন ও তুহিন এবং সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) লুৎফর হাকিমসহ হাতিবান্ধা পুলিশের একটি দল ভবানীপুর এলাকার নিহত জসিম উদ্দিনের ছেলে ও মাদক ব্যবসায়ী হামিদুল ইসলামকে (৩৭) গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া হামিদুলের বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর হামিদুলকে নিয়ে আসার সময় তার পরিবারের সদস্য ও কিছু স্থানীয় লোক জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং বাধা সৃষ্টি করে। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও, তার আগেই পরিস্থিতির অবনতি ঘটে। এক পর্যায়ে গোলাগুলির মুখে পড়ে পুলিশ হামিদুলকে ছেড়ে দিতে বাধ্য হয়।
এ বিষয়ে জানতে চাইলে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, পুলিশের আটক করা হামিদুলের বিরুদ্ধে আগে একটি মাদক মামলা ছিল। গতাকল তাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ বাধার সম্মুখীন হয়। যারা জনতাকে উস্কে দিয়েছিল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।