দেশজুড়ে

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও সন্তানকে হত্যার অভিযোগে এহসানুল হক নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। এই ঘটনায় আরও এক শিশুকে জবাই করা হয় এবং হত্যার চেষ্টা করা হয়।
ঘটনাটি ঘটে গতকাল বুধবার (৮ জুলাই) ভোররাত প্রায় দেড়টার দিকে উখিয়ার কুতুপালংয়ের ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘বি’ ব্লকে। ঘটনার পর অভিযুক্ত এহসানুল পালিয়ে যায়। নিহতরা হলেন এহসানুল হকের স্ত্রী শাহিদা নূর প্রকাশ সুফিয়া (৩০) এবং তাঁর সন্তান মোহাম্মদ শামীম (৫)। আহত জ্যেষ্ঠ সন্তান মো. আফসার প্রকাশ বাপ্পি (১৪) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ হোসেন জানান, পারিবারিক বিবাদের জেরে বুধবার রাতে এহসানুল ও সুফিয়ার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে এহসানুল ধারালো ছুরি দিয়ে তার স্ত্রী ও দুই ছেলে শামীম ও বাপ্পিকে কোপালে তারা গুরুতর আহত হন। সুফিয়া ও শামীম ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় আহত বাপ্পিকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর এহসানুল হক পালিয়ে যায়। উখিয়া থানার ওসি মুজিবুর রহমান জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।