বিবিধ

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজনের মৃত্যু

রাজশাহীর চরঘাট উপজেলায় দুটি পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা ৪৫ মিনিটে উপজেলার হলিদাগাছি এলাকায় ট্রেনে কাটা পড়ে ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারী নিহত হন।
গতকাল সোমবার (২০ এপ্রিল) রাতে একই এলাকার নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে ২৫ বছর বয়সী সোহাগ নামের এক যুবকের মৃত্যু হয়। ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সকালে রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি শালুয়া ইউনিয়নের হলিদাগাছি রেল গেটে পৌঁছালে এক অজ্ঞাতপরিচয় নারী ট্রেনের সামনে ঝাঁপ দেন। এর ফলে ওই নারীর শরীর থেকে দুটি অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে সময় লোকজন মেয়েটিকে শনাক্ত করার চেষ্টা করলেও কেউ তার নাম বলতে পারেনি। তবে স্থানীয়দের ধারণা, ওই নারী ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। অন্যদিকে, গতকাল রাতে উপজেলার নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর কলাবিপাড়া এলাকায় ট্রেনে ধাক্কা লেগে সোহাগ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কলাবিপাড়া গ্রামের জুলুম প্রামাণিকের ছেলে।
স্থানীয়দের দাবি, নেশাগ্রস্ত অবস্থায় ট্রেনে ধাক্কা খান সোহাগ। তার মরদেহ উদ্ধার করে পাড়ায় দাফন করা হয়েছে। ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।