মোহাম্মদপুরে ডাকাত ধরতে গিয়ে ‘আক্রমণের’ মুখে ধানমন্ডি পুলিশ, আত্মরক্ষার্থে গুলি
ঢাকার মোহাম্মদপুর এলাকায় এক ডাকাতকে ধরতে গিয়ে ধানমন্ডি থানার একটি দল আক্রমণের শিকার হয়। সে সময় শাকিব নামের এক ডাকাতকে ‘আত্মরক্ষার্থে’ গুলি করা হয় বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি আজসোমবার (১১ মে) সকালে মোহাম্মদপুর টাউন হলের পেছনের গলিতে ঘটে। আহত শাকিব পুলিশি পাহারায় সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় পলাশ ও বিপ্লব নামে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। সে সময় তাদের কাছ থেকে একটি চীনা কুড়াল, রুটি, ছুরি ও একটি খেলনা রিভলভার উদ্ধার করা হয়। ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার জানান, আগের একটি মামলার তদন্তের ভিত্তিতে গোপন তথ্যের ওপর ভিত্তি করে ধানমন্ডি থানা অভিযান চালালে ডাকাতরা পুলিশের ওপর হামলা করে। এই ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য সামান্য আহত হন এবং হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
সাদ্দাম হোসেন জানান, ডাকাতদের ধরতে ভোর ৬টার দিকে টাউন হল এলাকায় অভিযান চালালে ডাকাতদের দলটি চীনা কুড়াল ও ছুরি দিয়ে হামলা করার চেষ্টা করে। তখন এক পুলিশ সদস্য ‘আত্মরক্ষার্থে’ পিস্তল থেকে চার রাউন্ড গুলি চালান।
তিনি বলেন, ‘প্রথমে ফাঁকা গুলি হিসেবে দুই রাউন্ড চালানো হয়। এরপরও তারা হামলা করার চেষ্টা করলে ডাকাতদের একজনের পায়ে গুলি লাগে।’ ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার আরও জানান, এই দলটি বাইকে চড়ে ছুরি ও অন্যান্য অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ধানমন্ডি ও তার আশেপাশের এলাকাগুলোতে ডাকাতি করে আসছিল।

