দেশজুড়ে

মাদকের টাকা না পাওয়ায় মাকে খুন, ছেলে গ্রেপ্তার

নাটোরের বড়াইগ্রামে মাদকের টাকা না পাওয়ায় রাজন (২২) তার মাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। গতকাল রবিবার (৩ মে) রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত শনিবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম পশ্চিমপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। নিহত সাজেদা বেগম (৫৫) ওই মহল্লার আব্দুল মতিনের স্ত্রী। এদিকে, গত শনিবার রাতে পুলিশ অভিযুক্ত ছেলে রাজনকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে।
স্থানীয়রা জানান, মাদকাসক্ত ছেলে রাজন উপজেলার বাগদব গ্রামে তার শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে থাকত। এছাড়া আব্দুল মতিনের আবার বিয়ে হয়ে যাওয়ায় সাজেদা বেগম বাড়িতে একা থাকতেন। রাজন মাঝে মাঝে তার মায়ের কাছে এসে মাদকের জন্য টাকা নিতে জোর করত। শনিবার বিকেলে সে তার মায়ের কাছে এসে ৫০০ টাকা দাবি করে। কিন্তু তিনি রাজি না হওয়ায় রাজন পকেট থেকে একটি ছুরি বের করে তার মায়ের পেটে একাধিকবার ছুরিকাঘাত করে। এতে তার নাড়িভুঁড়ি বেরিয়ে আসে। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে সাজেদা বেগমকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম জানান, ঘটনার পরপরই অভিযুক্ত রাজনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।