আন্তর্জাতিক

জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে অস্ট্রেলিয়া-জাপান চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিশ্ব বাণিজ্যের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। এমন পরিস্থিতিতে, অস্ট্রেলিয়া ও জাপান জ্বালানি এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। ক্যানবেরায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন যে, ভবিষ্যতের অর্থনৈতিক ধাক্কা ও অনিশ্চয়তা মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতেও তা করবে।
অন্যদিকে, জাপানের প্রধানমন্ত্রী বলেছেন যে, হরমুজ প্রণালীর কার্যত বন্ধ হয়ে যাওয়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বড় ধরনের প্রভাব ফেলছে। তিনি আরও বলেন যে, এই পরিস্থিতি মোকাবিলায় দুই দেশ জরুরি ভিত্তিতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে। জাপানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বৃহত্তম সরবরাহকারী হলো অস্ট্রেলিয়া। অন্যদিকে, অস্ট্রেলিয়ার মোট ডিজেল সরবরাহের প্রায় ৭ শতাংশ জাপান থেকে আসে।
স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দুই দেশ তাদের সক্ষমতা এবং সংকট মোকাবিলার ক্ষমতা বাড়াতে চায়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার মতে, বিশ্বে সরবরাহ করা মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। এর প্রায় ৮০ শতাংশ এশীয় দেশগুলোতে যায়। মার্কিন ও ইসরায়েলি হামলার পর থেকে ইরান এই প্রণালীতে জাহাজ চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।