বাড়িতে ঢুকতেই গুলিবিদ্ধ কৃষক নিহত
পূর্বের বিবাদের জেরে নরসিংদীর রায়পুরায় নিজের বাড়িতে ঢুকতেই মোমেন মিয়া (৫৫) নামের এক কৃষককে মাথায় ও পায়ে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ রবিবার (২ আগস্ট) সকালে উপজেলার চানপুর ইউনিয়নের সাদাগরকান্দি এলাকায়।
নিহত মোমেন মিয়া একই গ্রামের নিহত ধন মিয়ার ছেলে। আহতরা হলেন – নিহত খালেক মিয়ার ছেলে মোবারক (৬৫), শহীদ মিয়ার ছেলে নাজমুল হোসেন (৩০) এবং কুদ্দুস মিয়ার ছেলে রুহুল আমিন (৩৭)। আহতরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের আত্মীয় ও স্থানীয়রা জানান, ফরিদ গ্রুপ এবং মোমেন চেয়ারম্যান গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিবাদ ছিল। স্থানীয় সাংসদও দুই পক্ষের মধ্যে বিবাদটি মিটিয়ে দিয়েছিলেন। এরপর তাদের মধ্যে আবারও বিবাদ শুরু হয়। ফলে, ফরিদ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মোমেনের বাড়িতে ঢুকে রবিবার সকালে অতর্কিত হামলা চালায়। এ সময় মোমেনের মাথায় ও পায়ে গুলি লাগে। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিনিতা জানান, মোমেন মিয়া নামের এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার পালস ও প্রেশার পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, চানপুরের সওদাগরকান্দি এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোমেন মিয়া নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

