বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃষ্টি থেকে বাঁচতে একটি চায়ের দোকানে আশ্রয় নেওয়া স্থানীয় বাসিন্দারা হঠাৎ বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই নারী ও দোকানদারসহ দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি আজ রবিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশরিগাঁও বোলগাঁও এলাকায় ঘটে।
নিহতরা হলেন – উপজেলার কুশরিগাঁও বোলগাঁও এলাকার মহেন চন্দ্র ওরফে তিহাকুর স্ত্রী ষষ্টি রানী (৫০) এবং একই এলাকার মৃত বেহরু রায়ের ছেলে সুহি রাম রায় (৫০)। সুহি রাম পেশায় একজন চায়ের দোকানদার ছিলেন। আহতরা হলেন একই এলাকার টেপরা ও শালান চন্দ্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ আকাশ মেঘলা হয়ে যায় এবং প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়। সে সময় বৃষ্টি থেকে বাঁচতে ও চা খেতে কয়েকজন স্থানীয় বাসিন্দা কাছের একটি চায়ের দোকানে জড়ো হন। চা পান ও আড্ডার মাঝেই হঠাৎ বিকট শব্দে দোকানে বজ্রপাত হয়। বজ্রপাতের তীব্র আঘাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আরও দুজন গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধারে ছুটে যান এবং দ্রুত তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক বলেন, বৃষ্টির মধ্যে চায়ের দোকানে থাকাকালীন হঠাৎ এই দুর্ঘটনা ঘটে। বজ্রপাতে দুজনের মৃত্যু ও দুজন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

