বহুতল ভবন থেকে পড়ে মনোরোগ বিশেষজ্ঞের মৃত্যু
ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে একটি বহুতল ভবন থেকে পড়ে এক নারী মনোরোগ বিশেষজ্ঞের মৃত্যু হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে সন্দেহ করছে। তবে, ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে। মৃত চিকিৎসক, ডা. হেমিকা আগরওয়ালের বয়স ৪০ বছর। পরিবারের সদস্যদের মতে, প্রায় ১৮ মাস আগে বিবাহবিচ্ছেদের পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং দীর্ঘদিন ধরে বিষণ্ণতায় ভুগছিলেন।
গাজিয়াবাদ পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুসারে, ডা. হেমিকা রবিবার রাজ নগর এক্সটেনশন এলাকার ‘অফিসার্স সিটি-২’ আবাসিক কমপ্লেক্সের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃতার বাবা, গাজিয়াবাদের মনোরোগ বিশেষজ্ঞ ডঃ আর. চন্দ্র পুলিশকে জানিয়েছেন যে, বিবাহবিচ্ছেদের পর থেকে তাঁর মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও বিষণ্ণতায় ভুগছিল। পরিবারের দাবি, এই ঘটনার পর থেকে তার মানসিক স্বাস্থ্যের অবনতি হচ্ছিল।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন প্রমাণ সংগ্রহ করেছে এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে। তবে, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়েছে কিনা, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। এদিকে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর নির্দিষ্ট কারণ সম্পর্কে মন্তব্য করতে পুলিশ অস্বীকৃতি জানিয়েছে।
সূত্র – দ্য টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস

