আন্তর্জাতিক

পাকিস্তানে সৈন্যবাহী ট্রেনে বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সৈন্যবাহী একটি ট্রেনের কাছে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। বলা হচ্ছে, নিহতদের মধ্যে সৈন্য ও তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন। আজ রবিবার (২৪ মে) সংবাদ সংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। স্থানীয় সূত্র অনুযায়ী, কোয়েটার চমন পট্টক এলাকায় একটি রেলওয়ে সিগন্যাল পার হওয়ার সময় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ট্রেনের একটি বগিকে ধাক্কা দেয়। এরপরই একটি বিশাল বিস্ফোরণ ঘটে।
ঈদের ছুটিতে পেশোয়ারগামী ট্রেনে থাকা অনেক সৈন্য ও তাদের পরিবারের সদস্যরা এই হামলার শিকার হন। বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়। ঘটনার পর পুরো এলাকা জুড়ে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। প্রকাশিত ছবিতে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত বগিগুলো স্তূপাকারে পড়ে আছে এবং উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের সন্ধান করছেন।
সে সময় রক্তাক্ত আহতদের স্ট্রেচারে করে নিয়ে যেতে দেখা যায় এবং ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। আহতদের নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে, বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সহিংসতা এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার কেন্দ্রস্থল।