বিবিধ

নওগাঁয় বজ্রপাতে দাদা ও নাতিসহ ৩ জন নিহত

নওগাঁর রানিনগরে পৃথক বজ্রপাতে এক দাদা ও নাতিসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টার দিকে উপজেলার পারিল ও গৌটা আতনিতাপাড়া গ্রামের মাঠে এই ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন উপজেলার পারিল ফকিরপাড়া গ্রামের প্রয়াত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৫৮), গৌটা আতনিতাপাড়া গ্রামের আমিনুরের ছেলে তারেক ফকির (২৪) এবং হাসেম তালুকদারের ছেলে নয়ন তালুকদার (২৬)।
কৃষক আক্কাস ফকির ও তারেক ফকির পরস্পরের দাদা ও নাতি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার পারিল গ্রামের জঠা ক্ষেতে ওই গ্রামের এক ব্যক্তির জমিতে শ্রমিক হিসেবে ধান কাটছিলেন আক্কাস ফকির ও তারেক ফকির। ধান কাটার সময় সকাল ১১টার দিকে বজ্রপাতে তারা দুজনই ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে, সকাল ১১টার দিকে বৃষ্টি হলে গৌটা আতনিতাপাড়া গ্রামের যুবক নয়ন তকুলদার মাঠ থেকে গরু আনতে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। বিকেলে স্থানীয়রা মাঠে গিয়ে বজ্রপাতে নয়নকে মৃত অবস্থায় দেখতে পান। রানিনগর থানার ওসি মো. জাকারিয়া মণ্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি আকস্মিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।