আন্তর্জাতিক

ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের নিকটবর্তী ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন থালাপথি

ভারতের তামিলনাড়ুতে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী থালাপথি জোসেফ বিজয় রাজ্যের মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। তিনি তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (টাসম্যাক) দ্বারা পরিচালিত এই দোকানগুলিকে আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এনডিটিভি এই খবর জানিয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) সকালে একটি সরকারি বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে যে, বর্তমানে রাজ্যে টাসম্যাক দ্বারা পরিচালিত মোট ৪,৭৬৫টি মদের দোকান রয়েছে। এর মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত। সাধারণ মানুষের কল্যাণের কথা বিবেচনা করে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপথি আগামী দুই সপ্তাহের মধ্যে উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি খুচরা মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, টাসম্যাকের বিপুল রাজস্ব আয় সত্ত্বেও এই সিদ্ধান্তটি বিভিন্ন রাজনৈতিক দলের দীর্ঘদিনের দাবিরই প্রতিফলন। ২০২৫ সালে সংস্থাটির মোট রাজস্ব ছিল ৪৮,০০০ কোটি টাকারও বেশি।
বিধানসভা নির্বাচনে জয়ের পর সুপারস্টার অভিনেতা এবং শাসক দল তামিলগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর প্রধান বিজয়ের এটিই প্রথম বড় সিদ্ধান্ত। তবে, বিশ্লেষকরা মনে করছেন যে এই সিদ্ধান্তটি সরকারকে আর্থিক চাপে ফেলতে পারে।