দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান সম্পর্কে স্পষ্ট ধারণা নেই: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. এএনএম এহসানুল হক মিলন বলেন, দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে ৫৭টি হয়েছে, অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও শতাধিক। তবে এসব প্রতিষ্ঠানে শিক্ষার মান সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা নেই। আজ মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষের রোডম্যাপ’ শীর্ষক দিনব্যাপী জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাক্ষেত্রে আমরা পরিমাণে অনেক এগিয়ে, কিন্তু গুণগত মান কতটা তা জানি না। তাই ‘প্রয়োজনভিত্তিক শিক্ষা’ নিয়ে ভাবাই সময়ের দাবি।’ তিনি আরও বলেন, সরকার একটি নতুন পাঠ্যক্রম এবং ফলাফলভিত্তিক শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে। একসময় বিদেশি শিক্ষকরা বাংলাদেশে পড়াতে আসতেন এবং বিদেশি শিক্ষার্থীরাও পড়তে আসতেন। এখন সেই পদটি আর নেই। সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করা প্রয়োজন।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালাটিতে দিনব্যাপী একাধিক কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অধিবেশনগুলোতে স্নাতকদের কর্মসংস্থান, সফট স্কিল উন্নয়ন, চাহিদাভিত্তিক শিক্ষা, শিল্প-শিক্ষা সহযোগিতা, বৈশ্বিক প্রতিযোগিতা, ডিজিটাল রূপান্তর, ডিজিটাল সাক্ষরতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষক দক্ষতা উন্নয়ন, গবেষণার উৎকর্ষ, আন্তর্জাতিকীকরণ, সুশাসন এবং গুণগত মান নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সুপারিশ প্রণয়ন করা হবে।

