দেশজুড়ে

দেড় দশক আগে প্রবাসী হত্যা: ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রাম শহরের আমিরবাগ এলাকায় মো. রফিক নামের এক প্রবাসী হত্যা মামলায় আদালত ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৮ জনকে খালাস দিয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারপতি মুহাম্মদ আলী আক্কাস এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা (প্রকাশ শহীদ), হোসেন (প্রকাশ মো. হোসেন), জামাল, জসিম ও মিল্টন সরদার।
অন্যদিকে, খালাসপ্রাপ্তরা হলেন— মো. হুমায়ুন কবির, পানু বেপারি, আবু তাহের, মনির হোসেন, মো. ডালিম মল্লিক, কবির বেপারি, কামাল সিকদার, সাহেব উদ্দিন ও মঈন উদ্দিন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ হাসেম বাংলানিউজকে জানান, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে প্রবাসী মো. রফিককে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে আদালত তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে অতিরিক্ত ১ বছরের কারাদণ্ড আরোপ করেছে।
তিনি আরও বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ৮ জন অভিযুক্তকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মো. বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা (প্রকাশ শহীদ) ও হোসেন (প্রকাশ মো. হোসেন)। মূল সাজা পরোয়ানার ভিত্তিতে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, জামাল, জসিম ও মিল্টন সরদার আদালতে অনুপস্থিত ছিলেন। মূল সাজা পরোয়ানার ভিত্তিতে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, প্রবাসী মো. রফিক ২০০৭ সালের ১৬ জুলাই সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে আসেন। ১৪ আগস্ট রাতে তিনি শহরের কদমতলী এলাকায় শ্বশুরবাড়ি থেকে বাজারে যান। পরে, রাত ৯টার দিকে তিনি ফোনে পরিবারের সঙ্গে শেষবার কথা বলেন। কিছুক্ষণ পর তিনি নিখোঁজ হন। রাত প্রায় সাড়ে ১০টায় এক সহকর্মীর কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পান। পরে জানা যায়, দুষ্কৃতকারীরা তাকে হত্যা করে শহরের আমিরবাগ এলাকায় ফেলে রেখে যায়। এই ঘটনায় নিহতের ভাই জাকির হোসেন লুলু শহরের কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।