দুপুর নাগাদ ৮টি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বজ্রঝড়ের সম্ভাবনা
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের মধ্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮টি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আজ সোমবার (৪ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়া দপ্তরের জারি করা সতর্কবার্তায় এই তথ্য দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, আবহাওয়া দপ্তরের আরেকটি বুলেটিনে বলা হয়েছে, আগামী কয়েকদিন দেশের সব বিভাগে দমকা বা ঝোড়ো হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে, সর্বোচ্চ ১২৭ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হাতিয়ায়।

