বিবিধ

টাঙ্গাইলে পিকআপ ট্রাক দুর্ঘটনায় ৪ জন নিহত

টাঙ্গাইলের সখিপুরে একটি সড়ক দুর্ঘটনায় মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাঁশ বোঝাই একটি ট্রাকের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৯ জুন) সখিপুর-সাগরদিঘি সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আবুল হাকিমের ছেলে নূর নবী (৬৪), নওগাঁর পতনিতালা উপজেলার পলাশের ছেলে রফিকুল ইসলাম (১৮), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলা জেলার সেলিমের ছেলে সুমন (২৬)।
স্থানীয়রা জানান, বাঁশ বোঝাই ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সেই সময় ঢাকাগামী মুরগি বোঝাই পিকআপ ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় একজন ট্রাককর্মী গুরুতর আহত হন।
দুর্ঘটনায় আহত জহিরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। একই সাথে, নিহতদের মরদেহ উদ্ধার করে সখিপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে সখিপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আল মামুন জানান, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের সদস্যরা থানায় পৌঁছালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।