রাজনীতি

জামায়াতে ইসলামীর আমীরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে নির্বাচন-পরবর্তী দেশের সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা, বাংলাদেশ-মার্কিন সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এছাড়াও, বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, সুশাসন, অর্থনৈতিক সহযোগিতা এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও বোঝাপড়ার ভিত্তিতে বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার আশা প্রকাশ করে।