দেশজুড়ে

টাঙ্গাইলে নারী গণধর্ষণে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে এক নারী গণধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ ও জেলা জজ এএনএম ইলিয়াস এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুরের কোটারবাড়ী গ্রামের প্রয়াত আবদুস চামাদের ছেলে আবদুর রহিম, ময়মনসিংহের কামারিয়া গ্রামের প্রয়াত মোকশেদের ছেলে শফিকুল ইসলাম শফি এবং একই এলাকার ময়েজ উদ্দিনের ছেলে শামসুল হক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী, বিশেষ সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. ওমরাও খান দিলু বলেন, ২০২৩ সালের ২২ জুন ভুক্তভোগীকে বিয়ের পোশাক দেখানোর প্রলোভন দেখিয়ে জামালপুর থেকে টাঙ্গাইলের মধুপুরের দোখলা জঙ্গল এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথমে একজন এবং পরে আরও দুজন অভিযুক্ত তাকে গণধর্ষণ করে। এই ঘটনায় মধুপুর থানায় মামলা দায়ের করে তদন্তের পর আদালতে চার্জশিট দাখিল করা হয়।
তিনি আরও বলেন, বিচার শেষে আদালত অভিযুক্ত আবদুর রহিমকে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন নিপীড়ন আইনের ৭ ধারায় ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০,০০০ টাকা জরিমানা এবং একই আইনের ৯(৩) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১,০০,০০০ টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়াও, অপর দুই অভিযুক্ত শফিকুল ইসলাম শফি ও শামসুল হককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আদালত তাদের প্রত্যেককে দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
অন্যদিকে, অভিযুক্তদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. শাহানশাহ সিদ্দিক মিন্টু।