ইসরায়েলি পতাকায় নাৎসি স্বস্তিকা চিহ্ন দেখিয়ে প্রতিবাদ জানালেন পোলিশ এমপি
পোলিশ এমপি কনরাড বারকোভিচ গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) স্থানীয় সময় পোলিশ সংসদে ইসরায়েলি পতাকায় নাৎসি স্বস্তিকা চিহ্ন দেখিয়ে প্রতিবাদ জানান। তিনি এই প্রতীক প্রদর্শনের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে একটি বিবৃতি দেন, যা সঙ্গে সঙ্গে বিতর্ক ও ক্ষোভের জন্ম দেয়।
তিনি দাবি করেন যে, গাজায় শিশু মৃত্যুর জন্য ইসরায়েল দায়ী এবং গাজায় শিশু মৃত্যুর হার ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের চেয়ে ‘অনেক বেশি’। তার বক্তৃতার সময়, তিনি ইসরায়েলি পতাকার তারাটিকে একটি নাৎসি স্বস্তিকা চিহ্নে পরিবর্তন করেন। মূলত, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নেতা হিটলারের নাৎসি বাহিনীর প্রতীক ছিল।
ইসরায়েলি পতাকার তারাটি হলো ‘ডেভিডের তারকা’ (ম্যাগেন ডেভিড)। এটি ইহুদি ধর্মের অন্যতম প্রধান প্রতীক, যা ইহুদি জনগণের পুনর্জন্ম, জাতীয় ঐক্য এবং নতুন জীবনের প্রতীক হিসেবে বিবেচিত হয়। সংসদে তিনি বলেন, “ইসরায়েল হলো নতুন থার্ড রাইখ” – যা উপস্থিত অন্যান্য সংসদ সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
স্পিকারসহ বেশ কয়েকজন সংসদ সদস্য এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি সংসদের মর্যাদার “স্পষ্ট লঙ্ঘন”। পোলিশ আইন অনুযায়ী, নাৎসি প্রতীক প্রদর্শন এবং অন্য দেশের পতাকার অপমান উভয়ই অপরাধ। স্পিকার চের্শচিস্টি বলেন, তিনি বারকোভিচের বিরুদ্ধে আর্থিক ব্যবস্থা নেবেন এবং সংসদের আচরণবিধি লঙ্ঘনের জন্য পদক্ষেপ গ্রহণ করবেন।
এদিকে, ইসরায়েলি দূতাবাস এই ঘটনাকে “লজ্জাজনক” বলে অভিহিত করেছে এবং পোলিশ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। পরে এই ঘটনার ভিডিও কনফেডারেশনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দলটি অতীতেও এ ধরনের বিতর্কিত কার্যকলাপের জন্য পরিচিত।

