ব্যবসা

ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দামে তীব্র পতন

বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তীব্রভাবে কমে গেছে। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম তীব্রভাবে হ্রাস পায়।
বাজার বিশ্লেষণের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিনের শুরুতে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯৮ ডলারের উপরে থাকলেও ঘোষণার পর তা ৯০ ডলারের নিচে নেমে আসে। একইভাবে, মার্কিন তেল বাজার সূচক ‘নাইমেক্স’-এ লাইট সুইট ক্রুডের দামও উল্লেখযোগ্যভাবে কমেছে।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ইরান এবং ইসরায়েল-মার্কিন উত্তেজনার আগে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারের নিচে ছিল। কিন্তু মার্চের শুরুতে সংঘাতের কারণে এই দাম ১০০ ডলার ছাড়িয়ে যায় এবং মাসের শেষে রেকর্ড ১১৯ ডলারে পৌঁছায়। দীর্ঘ উত্তেজনার পর সমুদ্রপথ খুলে দেওয়ায় বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে এবং সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়েছে। লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির পরিপ্রেক্ষিতেই ইরান মূলত এই সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম ব্যস্ততম তেল পরিবহন পথ, তাই এই পথ খুলে যাওয়াকে বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করেন যে, এই ধারা অব্যাহত থাকলে তেলের দাম আরও স্থিতিশীল হতে পারে।