আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৫ হলো
ভারতের আসামে বন্যার জল কমতে শুরু করলেও, গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৫ হয়েছে। তবে, আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) অনুসারে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কিছুটা কমে এখন ৩ লক্ষ ৩২ হাজারে দাঁড়িয়েছে।
রাজ্য সরকার মৃতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা বাড়িয়ে ৯ লক্ষ টাকা করার ঘোষণা দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে শিবসাগর, চরাইদেও, গোলাঘাট, জোরহাট, নওগাঁ, সোনিতপুর, কামরূপ জেলা এখনও জলমগ্ন। এই জেলাগুলির ৬২২টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেনাবাহিনী, বিমান বাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), দমকল বাহিনী এবং স্বেচ্ছাসেবকরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। এএসডিএমএ-র বুলেটিনে বলা হয়েছে যে, বন্যার কারণে এ পর্যন্ত প্রায় ৪৫ হাজার ৩৪২ হেক্টর কৃষি জমি জলমগ্ন হয়েছে। এতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে।
সূত্র: এনডিটিভি

