আমি বালির ব্যবসা বন্ধ করেছি, এখন পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সাংসদ হুমাম কাদের চৌধুরী বলেছেন, আমি বালির ব্যবসা বন্ধ করেছি, এখন পাহাড় কাটাও বন্ধ করব। কোনো অবস্থাতেই অবৈধভাবে পাহাড় কাটা চলতে দেওয়া হবে না। মানুষের জীবন ও পরিবেশ রক্ষায় এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল শুক্রবার (১০ জুলাই) সকালে তিনি একটানা ভারী বর্ষণে ভূমিধসে ক্ষতিগ্রস্ত রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন। পরিদর্শনের সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের খোঁজখবর নেন এবং তাদের দ্রুত পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, রাঙ্গুনিয়ার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবেশ ধ্বংসকারী যেকোনো কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে পাহাড় কাটা বন্ধ করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। হুমাম কাদের বলেন, একটানা ভারী বর্ষণে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সরকার ও প্রশাসনের সমন্বয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, দলীয় নেতা-কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, টানা কয়েকদিন বৃষ্টির কারণে রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় ভূমিধস হয়েছে। এতে বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।

