দেশজুড়ে

বগুড়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে স্কুলছাত্র নিহত

বগুড়ার শেরপুরে ফুটবল খেলা নিয়ে বিবাদ থামাতে গিয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্র জামিল শেখ (১৬) নিহত হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত শাকিল আহমেদকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে এ তথ্য জানান শেরপুর থানার পরিদর্শক জয়নুল আবেদিন। এর আগে সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শাহবন্দেগি ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত জামিল শেখ বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগি ইউনিয়নের শেরুয়া দাহাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।
গতকাল সোমবার বিকেলে শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় কিশোর ও যুবকদের মধ্যে একটি ফুটবল খেলা চলছিল। খেলার এক পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটির জেরে উত্তেজনা সৃষ্টি হয়। সে সময় পরিস্থিতি শান্ত করতে জামিল শেখ দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করেন। অভিযোগ, এতে ক্ষুব্ধ হয়ে একই এলাকার একটি চাতালের ম্যানেজার ও শফিকুল ইসলামের ছেলে শাকিল আহমেদ জামিলকে আক্রমণ করে। তার লাথি, ঘুষি ও প্রহারে জামিল মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার পরিদর্শক জয়নুল আবেদিন জানান, ফুটবল খেলা নিয়ে বিবাদের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের বাবা শাকিলসহ চারজন এবং আরও আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন। সোমবার রাতে এক অভিযানে মূল অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, নিহত জামিলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (এসজেডএমইসি) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই মামলায় অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।