আন্তর্জাতিক

পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করায় বাবা তরুণীকে হত্যা করেছে

ভারতের উত্তর প্রদেশের আগ্রা জেলায় ২২ বছর বয়সী এক তরুণীকে তার বাবা শ্বাসরোধ করে হত্যা করেছে। ঘটনাটি গতকাল সোমবার (৩ আগস্ট) আগ্রার জৈতপুর থানা এলাকার প্রতাপ নগরে ঘটেছে। নিহত তরুণীর নাম অঙ্কিতা শর্মা। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত বিমল শর্মাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, চলতি বছরের শুরুতে অঙ্কিতা তার পরিবারের ইচ্ছার বিরুদ্ধে আদালতের নির্দেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) এক সদস্যের সঙ্গে বিয়ে করেন। অভিযোগ উঠেছে, এরপর থেকেই পরিবার তাকে বিয়ে ভাঙার জন্য চাপ দিচ্ছিল।
স্থানীয় সূত্র অনুযায়ী, ঘটনার সময় বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অঙ্কিতার মরদেহ উদ্ধার করে। আগ্রার ডেপুটি কমিশনার অফ পুলিশ (পূর্বাঞ্চল) অভিষেক আগরওয়াল বলেছেন যে, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, “প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে এই হত্যাকাণ্ডে আরও বেশ কয়েকজন জড়িত থাকতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ জানিয়েছে যে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: দ্য প্রিন্ট