খেলাধুলা

থাইল্যান্ডের পাতায়ায় আন্তর্জাতিক তায়কোয়ান্দো আসরে বনানী তায়কোয়ান্দো ক্লাবের ৩৭ পদক জয়লাভ

থাইল্যান্ডের পাতায়ায় অনুষ্ঠিত ৯ম হিরোস তায়কোয়ান্দো ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ দারুণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশের বনানী তায়কোয়ান্দো ক্লাব। প্রতিযোগিতার ৩৯টি ইভেন্টে অংশ নিয়ে ক্লাবটির খেলোয়াড়রা মোট ৩৭টি পদক জিতেছেন। এর মধ্যে রয়েছে ১০টি স্বর্ণ, ১৭টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক। এছাড়া ক্লাবটির তায়কোয়ান্দো ড্যান্স দল দলীয় ইভেন্টে পঞ্চম স্থান অর্জন করেছে।


চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া বনানী তায়কোয়ান্দো ক্লাবের অনেক খেলোয়াড়ের জন্য এটিই ছিল প্রথম আন্তর্জাতিক কিয়োরুগি (স্পারিং) প্রতিযোগিতা। আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবার অংশ নিয়েই তারা সাহস, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের সামর্থ্যের স্বাক্ষর রাখেন।


প্রতিযোগিতায় ক্লাবটির খেলোয়াড়রা পুমসে, কিয়োরুগি, স্পিড কিক, পেয়ার এবং দলীয় ইভেন্টে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তাদের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ।


বানানী তায়কোয়ান্দো ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই অর্জনের পেছনে খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, কোচদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের অব্যাহত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জনের লক্ষ্যে ক্লাবটি কাজ করে যাবে বলেও জানানো হয়।


ফলাফল সংক্ষেপে:
• 🥇 স্বর্ণ পদক: ১০টি
• 🥈 রৌপ্য পদক: ১৭টি
• 🥉 ব্রোঞ্জ পদক: ১০টি
• 🏅 তায়কোয়ান্দো ড্যান্স (দলীয়): ৫ম স্থান