আন্তর্জাতিক

ভিসা সংক্রান্ত সমস্যায় দিল্লিতে ৬ বাংলাদেশি আটক

ভারতের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফের ‘ফরেনার সেল’-এর পরিচালিত ‘অপারেশন ভিস্তা ১.০’ (ভিসা স্ট্যাটাস ভেরিফিকেশন)-এর আওতায় ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ডাবল-এন্ট্রি ভিসার শর্ত লঙ্ঘনের দায়ে আজ রবিবার (২ আগস্ট) তাদের আটক করা হয়।
কর্মকর্তারা আরও জানান, এই ছয় বিদেশি নাগরিক তাদের ডাবল-এন্ট্রি ভিসায় প্রতিবার ভ্রমণের জন্য অনুমোদিত সর্বোচ্চ ১৫ দিনের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছিলেন। সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিভিন্ন হোটেল ও গেস্টহাউসে পরিচালিত একটি বিশেষ যাচাই অভিযানের সময় এই লঙ্ঘনের বিষয়টি সামনে আসে।
তাদের পাসপোর্ট, ভিসা এবং ভ্রমণ নথি যাচাই করার পর ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) মাধ্যমে আইনি প্রক্রিয়া শুরু করা হয়। এফআরআরও তাদের বিরুদ্ধে একটি ‘রেস্ট্রিকশন অর্ডার’ জারি করেছে। এরপর ছয়জনকে সেবা ধাম ডিটেনশন সেন্টারে (আটক কেন্দ্র) স্থানান্তর করা হয়েছে। নির্বাসন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবেন।
যেভাবে তাদের গ্রেপ্তার করা হলো
বিদেশী নাগরিকদের ভিসা লঙ্ঘনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে, সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফের ফরেনার সেল ‘অপারেশন ভিস্তা ১.০’ চালু করে। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল সেইসব বিদেশী নাগরিকদের শনাক্ত করা এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া, যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও দিল্লিতে অবস্থান করছেন অথবা ভিসার শর্ত লঙ্ঘন করছেন।
এই অভিযানের নেতৃত্বে ছিলেন সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফের ইন্সপেক্টর-ইন-চার্জ সন্দীপ যাদব এবং এটি তত্ত্বাবধান করেন এসিপি (অপারেশনস) পদ্ম সিং রানা। অভিযান চলাকালে, ফরেনার সেলের একটি দল সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিভিন্ন হোটেল ও গেস্টহাউসে ব্যাপক তল্লাশি চালায়। নবি করিমের আরাকানশান রোডের একটি হোটেলে তল্লাশির সময় ছয়জন বাংলাদেশী নাগরিককে খুঁজে পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদের সময়, ছয়জন ব্যক্তি জানান যে তারা একটি বৈধ ডাবল-এন্ট্রি ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন এবং মধ্য দিল্লির ‘সারথক প্লেস’ হোটেলে অবস্থান করছিলেন। তবে, তাদের পাসপোর্ট, ভিসা এবং অভিবাসন নথি যাচাই করে দেখা গেছে যে, ভিসার শর্তানুযায়ী তাদের প্রতিবার সর্বোচ্চ ১৫ দিন থাকার অনুমতি ছিল। কিন্তু, তারা উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে কোনো বৈধ অনুমতি বা মেয়াদ বৃদ্ধি ছাড়াই এই সময়সীমা শেষ হওয়ার পরেও ভারতে অবস্থান করছিলেন।
অবশেষে, নথি এবং অভিবাসন রেকর্ড যাচাই করার পর, এফআরআরও (FRRO) ভিসা লঙ্ঘন এবং ভারতে বিদেশী নাগরিকদের অবস্থান সংক্রান্ত প্রযোজ্য বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। তাদের দিল্লির সরাই রোহিলার শাহজাদা বাগে অবস্থিত সেবা ধাম ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের নির্বাসন বা স্বদেশে ফেরত পাঠানোর জন্য বর্তমানে আইনি প্রক্রিয়া চলছে।

সূত্র: ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া