আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের রেস্তোরাঁয় গোলাগুলিতে তিনজন নিহত

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের একটি ইন-এন-আউট বার্গার রেস্তোরাঁয় গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আরও অন্তত দুজন আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক এবং তারা হাসপাতালে ভর্তি আছেন বলে রয়টার্স জানিয়েছে। ঘটনাটি ঘটে গতকাল শনিবার (১ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২:৩০ মিনিটের দিকে।
পুলিশ জানিয়েছে, হামলাকারী দুপুরে বন্দুক নিয়ে রেস্তোরাঁর ডাইনিং এলাকায় প্রবেশ করে। তারা আরও জানায়, সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে। তবে, নিহত তিনজনের মধ্যে হামলাকারী ছিল কিনা, তা পুলিশ স্পষ্ট করেনি। সে কীভাবে মারা গেছে, তাও জানা যায়নি। হামলার কারণ জানতে ইতোমধ্যে একটি তদন্ত শুরু করা হয়েছে। এদিকে, টুইন ফলস পুলিশ বিভাগ ফেসবুকে জানিয়েছে যে, নিরাপত্তার কারণে ঘটনাস্থলের সংলগ্ন রাস্তা এবং নিকটবর্তী একটি সেতু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনার পর আইডাহোর সিনেটর মাইক ক্র্যাপো এবং অন্যান্য রাজ্য প্রতিনিধিরা জরুরি পরিষেবা কর্মীদের দ্রুত প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন এবং নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। প্রায় ৪৭,৪০০ জন মানুষের শহর টুইন ফলস আইডাহোর ম্যাজিক ভ্যালি অঞ্চলে অবস্থিত। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে খাদ্য উৎসব, প্যারেড, উপাসনালয় বা সামাজিক সমাবেশের মতো জনসমাগমস্থলে গোলাগুলির ক্রমবর্ধমান ধারার সাথে টুইন ফলসের এই ঘটনাটি যুক্ত হলো।