আন্তর্জাতিক

আজ শুরু জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনের ভোট

নতুন জাতিসংঘ মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ার অংশ হিসেবে নিরাপত্তা পরিষদ তার প্রথম অনানুষ্ঠানিক গোপন ভোট আয়োজন করতে চলেছে। এই প্রক্রিয়াটি ‘স্ট্র পোল’ বা অনানুষ্ঠানিক ভোট নামে পরিচিত। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিতব্য এই প্রক্রিয়ার মাধ্যমে, বিশ্ব সংস্থার শীর্ষ পদের জন্য বর্তমানে প্রতিদ্বন্দ্বিতাকারী সাতজন প্রার্থীর প্রতি সদস্য রাষ্ট্রগুলোর সমর্থনের মাত্রা যাচাই করা হবে।
বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস দুটি পাঁচ বছরের মেয়াদে মোট ১০ বছর দায়িত্ব পালনের পর এই বছরের ডিসেম্বরে তার মেয়াদ শেষ করবেন। এই পর্তুগিজ নাগরিকের উত্তরসূরি হওয়ার দৌড়ে লাতিন আমেরিকা ও আফ্রিকার প্রার্থীরা এগিয়ে আছেন।
বর্তমানে আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, ইকুয়েডর, গায়ানা, সেনেগাল এবং উগান্ডার মনোনীত প্রার্থীরা এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা এই অনানুষ্ঠানিক ভোটে প্রাথমিক বাছাই হিসেবে তিন ধরনের মতামত দিতে পারবেন—‘সমর্থন’, ‘অসমর্থন’ এবং ‘কোনো মতামত নেই’।
এই গোপন ব্যালট সাধারণত একাধিক ধাপে পরিচালিত হয়, যা সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে চূড়ান্ত রূপ নিতে পারে। তবে, যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দিলে অথবা একক ঐকমত্যে পৌঁছাতে বিলম্ব হলে এই প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।