মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতরে বোমা, পুলিশ নিষ্ক্রিয় করেছে
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতর থেকে একটি হাতে তৈরি বিস্ফোরক ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল এটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে।
গতকাল শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিভাইসটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে ছাতার বোতাম চাপলে এটি বিস্ফোরিত হবে।
মেট্রো স্টেশনে কর্তব্যরত আনসার সদস্যরা জানান, সন্ধ্যা ৬টার দিকে একটি রথযাত্রা শাপলা চত্বরের দিকে যাচ্ছিল। তখন রথযাত্রার এক সদস্য তাদের রাস্তার ওপর পড়ে থাকা একটি ছাতার কথা জানান। ছাতাটি ধরতেই তারা ভেতরে একটি লাল আলো দেখতে পান। আনসার সদস্যরা ছাতাটি সেখানেই রেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে বিষয়টি নিশ্চিত করার পর রাস্তাটি বন্ধ করে দেয় এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে।

