আন্তর্জাতিক

ইরানের সঙ্গে আলোচনা চলছে, বড় ধরনের হামলা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা করছে, কিন্তু বড় ধরনের হামলা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল আজ শনিবার (২৫ জুলাই) এই তথ্য জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার বলেছেন যে, ওয়াশিংটন ইরানের সঙ্গে আলোচনা করছে এবং নতুন কোনো বড় ধরনের হামলা চালানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে, ট্রাম্প সতর্ক করে দিয়েছেন যে, মার্কিন সামরিক বাহিনী এই অভিযান আরও জোরদার করতে ‘প্রস্তুত’।
এ বিষয়ে একাধিক সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যে, জুলাইয়ের শুরুতে বাহরাইন ও কুয়েত গোপনে ইরানের অভ্যন্তরে সামরিক ঘাঁটিতে হামলা চালানোর জন্য যুদ্ধবিমান পাঠিয়েছিল, যা তেহরানের বিরুদ্ধে তাদের প্রথম সরাসরি প্রতিশোধমূলক পদক্ষেপ।
এ বিষয়ে অবগত চারজনের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইরানের ওপর সামরিক হামলা আরও জোরদার করার বিষয়টি বিবেচনা করতে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন। এদিকে, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইউরোপীয় ইউনিয়ন পাঁচজন ইরানি বিচারক এবং একটি শীর্ষস্থানীয় সাইবার গ্রুপের নেতার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।