রাজশাহীতে প্রতিদ্বন্দ্বীর হাতে ছুরিকাঘাতে নারী নিহত
রাজশাহীতে প্রতিদ্বন্দ্বীর হাতে ছুরিকাঘাতে ফরিদা পারভীন (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টায় তিনি মারা যান। এই ঘটনার পর উত্তেজিত জনতা হত্যাকাণ্ডের অভিযুক্ত পরশের বাড়ি পুড়িয়ে দিয়েছে। ফরিদা পারভীন পবা উপজেলার হারিয়ান এলাকার লালন শেখের স্ত্রী।
স্থানীয়রা জানান, ফরিদার পরিবারের জমি নিয়ে পরশের সঙ্গে তার বিরোধ ছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে পরশ ছুরি দিয়ে ফরিদার গলায় আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে ফরিদা জ্ঞান হারান। তাকে উদ্ধার করে রমেচ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ফরিদা পারভীনকে মৃত ঘোষণা করেন।
মরদেহ রমেচ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার পর পরশ পালিয়ে যায়। পরশ হারিয়ান এলাকার এক বাবুর ছেলে। এ প্রসঙ্গে রাজশাহী সিটি পুলিশের (আরএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান বলেন, “ফরিদা নামের এক নারী মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানানো হবে।”

