আন্তর্জাতিক

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসির প্রসিকিউটর বরখাস্ত

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম খানকে যৌন অসদাচরণের অভিযোগে বরখাস্ত করা হয়েছে, আজ শনিবার (২৫ জুলাই) আইসিসির একটি আনুষ্ঠানিক বিবৃতির বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আইসিসির সদস্য রাষ্ট্রগুলো প্রসিকিউটরকে বরখাস্ত করার পক্ষে ভোট দিয়েছে। আদালতের নির্বাহী ব্যুরোর কূটনীতিকরা গত মাসে বলেছিলেন যে ব্রিটিশ ব্যারিস্টার করিম খান আইসিসির একজন জুনিয়র আইনজীবীর সঙ্গে অবৈধ যৌন সম্পর্কে জড়িয়েছিলেন। তাকে বরখাস্ত করা উচিত।
গতকাল শুক্রবার, আইসিসির ১২৫টি সদস্য রাষ্ট্রের বিপুল সংখ্যাগরিষ্ঠতা সেই সুপারিশ অনুসরণ করার পক্ষে ভোট দেয়। আদালতের পরিচালনা পর্ষদের সভাপতি পাইভি কাউকোরান্তা বলেছেন, পরিষদ ৮২টি সদস্য রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত নিয়েছে যে করিম খান গুরুতর অসদাচরণ এবং কর্তব্যের গুরুতর লঙ্ঘন করেছেন। করিম খানকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে।
করিম খান এই অভিযোগ অস্বীকার করেছেন। ভোটের পর তার আইনজীবী তাইয়াব আলী বলেন, করিম খান সমস্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই সিদ্ধান্তের বৈধতা এবং ন্যায্যতাকে চ্যালেঞ্জ করবেন। এদিকে, খানের বরখাস্তের ঘটনায় অবিলম্বে আইসিসির নতুন প্রসিকিউটর বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ফৌজদারি আইনের অধ্যাপক লায়লা সাদাত বলেছেন, আদালতের সদস্যরা একজন সমস্যাগ্রস্ত ও কলঙ্কিত কর্মকর্তাকে অপসারণ করতে দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নিয়েছেন, যাতে আদালত তার সমস্ত বিচারাধীন মামলার গুরুত্বপূর্ণ কাজ নিয়ে এগিয়ে যেতে পারে।