সরকারি সফরে তুরস্কের উদ্দেশে সেনাপ্রধানের যাত্রা
আজ রবিবার (১৯ জুলাই) তুরস্ক সরকারের আমন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন আধুনিক প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান ও সামরিক স্থাপনা পরিদর্শন করবেন। এসব পরিদর্শনের মাধ্যমে প্রতিরক্ষা প্রযুক্তি, সামরিক সরঞ্জাম উৎপাদন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।
এছাড়া সফরের অংশ হিসেবে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশটির প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ, সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, সেনাপ্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হবে। আগামী পাঁচ দিনের সফর শেষে তিনি দেশে ফিরবেন।

