ফিলিস্তিনি শিশু হত্যার জন্য জবাবদিহিতার দাবি জানিয়েছে ইউনিসেফ
জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ ফিলিস্তিনি শিশুদের সুরক্ষা এবং তাদের বিরুদ্ধে সহিংসতার জন্য জবাবদিহিতার আহ্বান জানিয়েছে। কাতার-ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা আজ বৃহস্পতিবার (১১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক এডওয়ার্ড বিজবেদার বলেছেন, পশ্চিম তীর ও গাজা উপত্যকায় সাম্প্রতিক হামলায় শিশুদের প্রাণহানি গভীর উদ্বেগের বিষয়। পশ্চিম তীরের হেবরন এলাকার কাছে সাম্প্রতিক এক গোলাগুলিতে সাত মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এছাড়া, গত সপ্তাহে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত আটজন শিশু নিহত হয়েছে।
তিনি আরও বলেন, শিশুদের প্রাণহানি কখনোই স্বাভাবিক বলে মেনে নেওয়া যায় না। সহিংসতায় শিশুদের মৃত্যু বিশ্বব্যাপী ক্ষোভ এবং সর্বস্তরে নিন্দার কারণ হওয়া উচিত। এছাড়াও, পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে শিশু ও তাদের পরিবারের সদস্যদের হত্যা ও আহত করা, শিশুদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং স্কুল, বাড়িঘর, পানি ও স্বাস্থ্য পরিকাঠামোর ওপর হামলা শিশুদের মৌলিক অধিকারের প্রতি চরম অবজ্ঞারই বহিঃপ্রকাশ।
এডওয়ার্ড বিজবেডার ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, যেসব ঘটনায় শিশুরা নিহত বা স্থায়ীভাবে আহত হয়েছে, তার প্রত্যেকটির স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও কার্যকর তদন্ত নিশ্চিত করার জন্য। একই সাথে, দায়ীদের জবাবদিহিতার আওতায় আনাও প্রয়োজন।
এদিকে, বিভিন্ন মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে যে, ফিলিস্তিনিদের ওপর হামলায় জড়িত ইসরায়েলি সৈন্য বা বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডের যথাযথ তদন্ত করতে ইসরায়েল দীর্ঘদিন ধরে ব্যর্থ হয়েছে। সংস্থাগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এই হামলাগুলোর শিকারদের মধ্যে বিপুল সংখ্যক শিশু রয়েছে। মানবাধিকার কর্মীরা দাবি করেন যে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্ব। তারা এই ধরনের ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

