জাতীয়

২০৩০ সালের মধ্যে সকলের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সরকার ২০৩০ সালের মধ্যে সকলের জন্য নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে।
আজ রবিবার (৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে মহিলা আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনিরের এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমানে গ্রিড-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮,৯১৯ মেগাওয়াট।
দেশে বিদ্যুতের চাহিদা দিন দিন বাড়ছে। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার জীবাশ্ম জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি থেকেও বিদ্যুৎ উৎপাদনের ওপর জোর দিচ্ছে। দেশে ৭,৯২৮ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন মোট ৩২টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এছাড়াও, সম্মিলিতভাবে ৬৬৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন মোট ১৫টি নবায়নযোগ্য শক্তি-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য দরপত্র প্রক্রিয়া চলছে। উক্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রী বলেন, দেশের শতভাগ জনগোষ্ঠীকে ইতোমধ্যে বিদ্যুৎ সরবরাহের আওতায় আনা হয়েছে। সরকার ২০৩০ সালের মধ্যে সকলের জন্য নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে।