ডেঙ্গু সম্পর্কে সচেতন হতে সবাইকে আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ডেঙ্গু সম্পর্কে সচেতন হতে সবাইকে আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, ডেঙ্গু মোকাবিলা করা সহজ হবে না। আজ রবিবার (৭ জুন) সকাল ৯টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালায় তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলা করতেই হবে। যদিও তা মোকাবিলা করা সহজ হবে না। এর জন্য সারা দেশের নর্দমা ও খাল পরিষ্কার করতে হবে। এটি একটি বিশাল কাজ। মো. সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে শুনে আমি নিজেও ভয় পেয়েছিলাম। প্লাজমা লিকেজ ঠেকাতে ডাক্তারদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা যেমন সকলের প্রচেষ্টায় দেশকে স্বাধীন করেছি, তেমনি সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব। তিনি আরও বলেন, পানি, মাটি ও ছাদ—এই তিন জায়গার প্রতি সমান মনোযোগ দিতে হবে। এই কাজে সিটি কর্পোরেশনগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একটি ভুল সবকিছু ব্যর্থ করে দিতে পারে।

