রাজনীতি

ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে কাজী নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মূল অনুপ্রেরণা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ সোমবার (২৫ মে) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মূল অনুপ্রেরণা ছিলেন নজরুল। তিনি আরও বলেন, নজরুলের সাহিত্যে সাম্য ও মানবতার বার্তা ছিল। তাঁর গান ও কবিতা সব জাতীয় আন্দোলন ও সংগ্রামকে অনুপ্রাণিত করেছে।
তিনি আরও মন্তব্য করেন, অবিচার, নিপীড়ন ও অসমতার বিরুদ্ধে লড়াইয়ের মন্ত্র এই বিদ্রোহী কবির কাছ থেকেই পাওয়া। তিনি বলেন, গত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন নজরুল। অবিচার, নিপীড়ন ও অসমতার বিরুদ্ধে লড়াইয়ের মূল মন্ত্র আমরা তাঁর কাছ থেকেই পেয়েছি।
এর আগে সকালে, নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে।