বাসাইলে সড়ক দুর্ঘটনায় বাইকে আরোহী ৩ বন্ধু নিহত
টাঙ্গাইলের বাসাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুও নিহত হয়েছেন। দুর্ঘটনায় তিন বন্ধুই মারা যান। এর আগে ঘটনাস্থলেই এক বন্ধু নিহত হন। দুর্ঘটনাটি ঘটে আজ রবিবার (২৪ মে) বিকেলে বাসাইল-ভাটকুড়া আঞ্চলিক সড়কের বাংড়া কালিবাড়ি এলাকায়।
নিহতরা হলেন বাংড়া এলাকার প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবীর মিয়া (১৬), শওকত আলীর ছেলে মো. লিমন (১৪) এবং সুলাইমান মিয়ার ছেলে সাইমন (১৪)। তারা করতিয়া এইচএম ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। পুলিশ ও পরিবার জানায়, টাঙ্গাইলগামী একটি সিএনজি চালিত (অনিবন্ধিত) অটোরিকশা বাংড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তাকবীর মিয়া মারা যান।
গুরুতর আহত অবস্থায় অন্য দুজনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা লিমনকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পথে গুরুতর আহত সাইমনও মারা যান। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, লাশগুলো পরীক্ষা করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর একটি মামলা দায়ের করা হবে।

