আন্তর্জাতিক

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, সিক্রেট সার্ভিসের গুলিতে সন্দেহভাজন নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনায় এক সন্দেহভাজন নিহত হয়েছেন। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, ওই ব্যক্তি একটি নিরাপত্তা চৌকির দিকে এগিয়ে গিয়ে কর্মকর্তাদের ওপর গুলি চালায় এবং পাল্টা গুলিতে তিনি নিহত হন। সংবাদ, সিএনএন।
ঘটনাটি গতকাল শনিবার (২৩ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু আগে হোয়াইট হাউস কমপ্লেক্সের বাইরে একটি নিরাপত্তা চৌকির কাছে ঘটে। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে সিক্রেট সার্ভিসের একজন মুখপাত্র জানান, সন্দেহভাজন ব্যক্তিটি হঠাৎ করে কর্মকর্তাদের ওপর গুলি চালায়।
পরে সিক্রেট সার্ভিসের সদস্যরা পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি আহত হন। হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হন। তবে, তিনি সন্দেহভাজনের গুলিতে আহত হয়েছেন নাকি পাল্টা গুলিতে আহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। আইন প্রয়োগকারী সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন, ওই পথচারীর অবস্থা আশঙ্কাজনক।
এই ঘটনায় সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হননি। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরে ছিলেন এবং তিনি নিরাপদ আছেন। ঘটনার পরপরই হোয়াইট হাউস এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সংবাদকর্মীদের প্রায় ৪০ মিনিটের জন্য অবরুদ্ধ করে রাখা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একাধিকবার গুলির শব্দ শুনেছেন।
মার্কিন সংবাদমাধ্যমের সাংবাদিকরা জানান, সিক্রেট সার্ভিসের সদস্যরা ‘গুলি চলেছে’ বলে চিৎকার করে সাংবাদিকদের দ্রুত হোয়াইট হাউসের ব্রিফিং রুমে আশ্রয় নিতে বলেন। পরে, সশস্ত্র নিরাপত্তা কর্মীদের হোয়াইট হাউসের নর্থ লনে টহল দিতে দেখা যায়। এদিকে, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর পরিচালক কাশ প্যাটেল জানান, এফবিআই ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং তদন্তে সিক্রেট সার্ভিসকে সহায়তা করছে।
এই ঘটনার কিছুক্ষণ আগে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুশি উইল্স, ট্রেজারি সেক্রেটারি স্কট বেসান্ত এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে হোয়াইট হাউস ত্যাগ করতে দেখা যায়। উল্লেখ্য, এক মাসেরও কম সময় আগে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময় একই ধরনের গুলির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার অভিযুক্ত কোল থমাস অ্যালেন, ট্রাম্পকে হত্যার চেষ্টাসহ একাধিক অভিযোগ অস্বীকার করে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন।