জাতীয়

নোয়াখালীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু

২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে হামের উপসর্গে মো. সামিত নামের ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। জেলায় হামের উপসর্গে এটিই প্রথম মৃত্যু। এছাড়া, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১৯ জন রোগী নতুন করে ভর্তি হয়েছেন। নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার (২৪ মে) ভোর ৪টা ১৫ মিনিটের দিকে শিশুটির মৃত্যু হয়।
জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। সামিত জেলার সুবর্ণচর উপজেলার কাটাখালী গ্রামের মফিজুল হকের ছেলে। চিকিৎসকরা জানান, হামের উপসর্গ নিয়ে শনিবার বিকেলে সামিতকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এপ্রিলের শুরু থেকে জেলায় মোট ৯১৫ জন শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসা পেয়েছে। তাদের মধ্যে কোনো মৃত্যু হয়নি। তবে, উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে ঢাকা ও চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ১২০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। প্রতিদিন গড়ে ২০ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। তবে, শয্যা ও ওষুধের তীব্র ঘাটতি রয়েছে। ফলে, অভিভাবকদের হাসপাতালের বাইরে থেকে বেশিরভাগ ওষুধ কিনতে হচ্ছে। এছাড়া, ডাক্তার, নার্স ও কর্মী স্বল্পতার কারণে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে।