আন্তর্জাতিক

খুব শীঘ্রই ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক আয়োজন করতে পারব: শাহবাজ শরীফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আশা প্রকাশ করেছেন যে, পাকিস্তান খুব শীঘ্রই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরবর্তী দফার আলোচনা আয়োজন করতে সক্ষম হবে। তিনি আরও মন্তব্য করেন যে, ইসলামাবাদ দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। মিডল ইস্ট আই-এর তথ্যমতে, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে এসব কথা বলেন।
শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, “পাকিস্তান সর্বোচ্চ আন্তরিকতার সাথে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং আমরা আশা করি খুব শীঘ্রই পরবর্তী দফার আলোচনা আয়োজন করতে সক্ষম হব।” ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ সহজতর করতে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উভয় পক্ষই চলমান সংঘাতের একটি সমঝোতামূলক সমাধান চাইছে।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শেষ করার জন্য চলমান যুদ্ধবিরতি আলোচনায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) মূলত চূড়ান্ত হয়েছে। ট্রাম্প আরও বলেন, এই চুক্তির ফলে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে। তবে তিনি বলেছেন, এটি এখনও যুক্তরাষ্ট্র, ইরান ও সংশ্লিষ্ট অন্যান্য দেশের আলোচকদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।