খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সব উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সব উদ্যোগ নিয়েছে। তিনি আরও বলেন, খেলাধুলায় সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের বেতন কাঠামোর আওতায় এনে স্পোর্টস কার্ড দেওয়া হচ্ছে। আজ বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৫ জন ক্রীড়াবিদকে ইতোমধ্যে স্পোর্টস কার্ড সুবিধার আওতায় আনা হয়েছে। এছাড়া, আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজন সুষ্ঠু ও নির্বিঘ্নে আয়োজনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশের ১০টি ক্রিকেট স্টেডিয়ামে ৩৭৯ জন সমন্বিত আনসার সদস্য মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। টানা তিনবার পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম বাংলাদেশ গেমসে চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতিস্বরূপ বাহিনীটি ২০০৪ সালে স্বাধীনতা পদক লাভ করে।
এদিকে, বাহিনীর কাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন যে, আনসার ব্যাটালিয়ন বিধিমালা ২০২৬, ভিডিপি বিধিমালা ২০২৬, সমন্বিত আনসার বিধিমালা ২০২৬ এবং আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ ও পদোন্নতি বিধিমালা ২০২৬-এর খসড়া প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া, উপজেলা পর্যায়ে বাহিনীর কার্যক্রমকে আরও শক্তিশালী করতে উপজেলা আনসার বিধিমালা ২০২৬ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন যে, প্রশাসনিক স্বচ্ছতা ও শৃঙ্খলা জোরদার করতে বাহিনীর সদর দপ্তরে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করা হয়েছে।

