আন্তর্জাতিক

ইউক্রেনীয় ড্রোন এস্তোনিয়ায় ঢুকে পড়েছে

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যে উত্তর-পূর্ব ইউরোপের বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়ার আকাশসীমায় ঢুকে পড়া একটি ইউক্রেনীয় ড্রোনকে ন্যাটোর একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। ঘটনাটি গতকাল মঙ্গলবার (১৯ মে) বিকেলে এস্তোনিয়ার দক্ষিণ-পূর্ব সীমান্তের কাছে ঘটে।
এস্তোনিয়ার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে যে, ড্রোনটি রাশিয়ার দিক থেকে উড়ে এসে হঠাৎ দেশটির আকাশসীমায় প্রবেশ করে। সে সময়, ওই এলাকায় নিয়মিত প্রশিক্ষণরত রোমানিয়ার একটি ন্যাটো যুদ্ধবিমান তাৎক্ষণিকভাবে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আকাশে ড্রোনটিকে ধ্বংস করে দেয়। ড্রোনটি ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষ এস্তোনিয়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। তবে, এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, প্রাথমিক তদন্তের পর এস্তোনিয়া সরকার ড্রোনটিকে ইউক্রেনীয় সামরিক বাহিনীর বলে শনাক্ত করেছে। তবে, তালিন তাদের আকাশসীমায় ইউক্রেনীয় ড্রোন প্রবেশের জন্য সরাসরি মস্কোকে দায়ী করেছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও দাবি করেছে যে, তাদের ড্রোনটি মূলত রুশ সীমান্তকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। কিন্তু রাশিয়ার শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার (EW) বা জ্যামিং প্রযুক্তির প্রভাবে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাশিয়ার দিক থেকে এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করে।