দেশজুড়ে

নামাজরত বৃদ্ধ খুন, ১ জন গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় একটি মসজিদের ভেতরে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। ঘটনাটি আজ রবিবার (৩ মে) সকালে উপজেলার পশ্চিম লাইয়ারকুল জামে মসজিদে ঘটেছে। নিহত হাফিজ উল্লাহ (৮০) উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লাইয়ারকুল গ্রামের বাসিন্দা। এই ঘটনায় পুলিশ জসিম মিয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ফজরের নামাজের সময় এক ব্যক্তি হঠাৎ মসজিদে ঢুকে সিজদারত অবস্থায় হাফিজ উল্লাহকে আক্রমণ করে। হামলাকারী একটি বলপয়েন্ট কলম দিয়ে তার চোখ, মুখ ও মাথায় বারবার আঘাত করে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, অভিযুক্ত জসিম গতকাল শনিবার নিহতের দোকান থেকে মালামাল নিতে চেয়েছিল। ধারণা করা হচ্ছে, বকেয়া টাকা পরিশোধ না করার ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। তবে, ঘটনার আসল কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর শ্রীমঙ্গল থানা ঘটনাস্থল পরিদর্শন ও অভিযান চালিয়ে সন্দেহভাজন জসিম মিয়াকে গ্রেপ্তার করেছে।
শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী জানান, হত্যাকাণ্ডের নির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে জানা গেছে, বকেয়া টাকা পরিশোধ না করা নিয়ে বিবাদ ছিল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অপরাধীর দ্রুত বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন।